হাতিদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসার সময় এখনই
- Admin
- January 21, 2022
বিশাল এই পৃথিবীতে মানুষের পাশাপাশি বসবাস করে অসংখ্য প্রজাতির প্রাণী। এদের নিয়েই গড়ে উঠেছে আমাদের বাস্তুসমাজ ও পরিবেশ। প্রকৃতির বিরূপ আবহাওয়ার শিকার হয়ে অসংখ্য প্রানীর অস্তিত্ব আজ বিলুপ্তির পথে যার মধ্যে হাতি উল্লেখযোগ্য।
সভ্যতার উত্থান-পতনের এক জ্বলন্ত সাক্ষী হাতি। আজ থেকে প্রায় ১.৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আগমণ ঘটে, ডাঙার সর্ববৃহৎ স্তন্যপায়ী এই প্রানীটির। এরপর থেকে যুগে যুগে কয়েকশ প্রজাতি পার হয়ে বর্তমানে মাত্র ২টি প্রজাতির হাতিই পাওয়া যায় সারা পৃথিবীতে, যার একটি অফ্রিকান হাতি এবং অপরটি এশিয়ান হাতি। আফ্রিকান হাতির সংখ্যাই তুলনামূলক পরিমাণে বেশি এবং আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের চলাচল।
হাতি শান্তিপ্রিয় প্রানী এবং দলবদ্ধ হয়ে চলাচল করে। অপেক্ষাকৃত বড় জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এরা থাকে । তাই এদের বসবাসের জন্য বিস্তীর্ণ অঞ্চলের প্রয়োজন হয়। গড়ে একটি হাতি প্রায় ১৮ ঘন্টা খাদ্যগ্রহণ করে এবং একদিনে প্রায় ১০০ পাউন্ড পাতা খায়। কিন্তু বর্তমানে নগরায়ণের মাধ্যমে বনভূমি ধ্বংসের ফলে হাতির বিচরণের জায়গা কমে যাওয়ায় প্রায়ই খাদ্য সংগ্রহের জন্য হাতি জঙ্গল ত্যাগ করে লোকালয়ে ঢুকে পড়ছে এবং মানুষের সাথে হাতিদের সংঘর্ষের ঘটনা প্রায়শই ঘটতে দেখা যাচ্ছে। আর অধিকাংশ সংঘর্ষের পরিণতি হয় হাতির করুণ মৃত্যু।

