মহাসাগর আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
- Admin
- January 22, 2022
সমুদ্রের অপার বিশালতায় মুদ্ধ হন না এমন মানুষ পৃথিবীতে বিরল। ‘আমাদের পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল’- এই কথাটি ছোটবেলা থেকে শুনে আমরা সকলেই প্রায় বড় হয়েছি। পুরো পৃথিবীর ৭০% লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত থাকার কারণে আমাদের পৃথিবীটাকে নীল মুক্তার মতো আকর্ষণীয় মনে হয়৷ তবে সাগর-মহাসাগর সম্পর্কে আমাদের জ্ঞান যেন একেবারেই নগণ্য। গবেষকদের মতে, আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটা জানি, তারচেয়েও অনেক কম জানি আমাদের সাগর-মহাসাগর সম্পর্কে। অথচ এই পৃথিবীর সবকিছু একটি অপরটির সাথে জড়িয়ে রয়েছে। এমনকি আমাদের জীবন, আমাদের বেঁচে থাকাও সমুদ্রের উপর অনেকাংশে নির্ভর করে৷
অনেক বিজ্ঞানীদের মতে, পৃথিবীর জীবনের উদ্ভাবন ঘটেছে সম্ভবত সাগর-মহাসাগরের গভীরতায়, পৃথিবীর পৃষ্টে নয়। জীবনের উদ্ভাবন নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটা সত্য যে পৃথিবীর সমস্ত জীবনের অর্ধেকের বেশির বাসস্থান এই সমুদ্রই। সমুদ্রের জীববৈচিত্র্য এতটা বিস্তৃত যে এর সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জেনে উঠতে পারিনি।

